সংসদে নজিবুর রহমান

সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

সার সংকট নিরসনে সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সময়কার সার ব্যবস্থাপনার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সে সময় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুই মন্ত্রী এম কে আনোয়ার ও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। বুধবার সংসদে সংসদ সদস্য ও নিজামীর ছেলে নজিবুর রহমান এ কথা বলেন।

বিজ্ঞাপন

নজিবুর রহমান বলেন, বর্তমানে দেশে সারের যে সংকট তৈরি হয়েছে, তা মূলত মজুতের সংকট নয়। বরং ব্যবস্থাপনার অভাব, দুর্নীতি ও হরিলুটের চেষ্টার কারণে কৃষকের কাছে সার পৌঁছানো সম্ভব হচ্ছে না। সার কারখানাগুলো বন্ধ রেখে জনগণের টাকায় বেশি দামে সার কেনা হচ্ছে। অথচ দেশে সার থাকার পরও তা কৃষকের হাতে পৌঁছাতে না পারা সরকারের চরম ব্যর্থতা।

তিনি আরো বলেন, সার সংকটকে কাজে লাগিয়ে একটি কায়েমি স্বার্থবাদী মহল দুর্নীতি ও লুটপাট করে লাভবান হচ্ছে। ফ্যাসিবাদের আমলের ডিলারদের বাদ দিয়ে বিপুল অর্থের বিনিময়ে দলীয় লোকজনকে নতুন ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন ডিলাররা দুর্নীতি করলে কিংবা কৃষক সার না পেলে এর দায় সরকারকেই নিতে হবে।

নজিবুর রহমান বলেন, ২০০১ সালের জোট সরকারের সময় বিভিন্ন ষড়যন্ত্র এবং রাসায়নিক বর্জ্যবাহী জাহাজ এনে তা সার হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা হয়েছিল। সে সময়ের দুই মন্ত্রী এম কে আনোয়ার ও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দায়িত্ব পালনের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কৃষি ও শিল্প মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। বর্তমান দায়িত্বশীল ব্যক্তিদেরও তাদের ভালো দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানানো হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন