যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীসহ কিছু বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য যে বাড়তি ৬০ দিন সময় পান, তা বাতিলের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। ফলে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাবিত নিয়মে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।
বর্তমানে ২০১৭ সাল থেকে চালু থাকা নিয়মে চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি বা স্পনসর খুঁজতে পারেন। নতুন প্রস্তাবটি কার্যকর হলে চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বহু এইচ-১বি কর্মী বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে তাদের পরিবার, বাড়ি ও সন্তানদের শিক্ষাজীবন গড়ে উঠেছে। ফলে হঠাৎ দেশ ছাড়ার বাধ্যবাধকতা তাদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।
প্রস্তাবিত পরিবর্তনটি প্রযুক্তি খাতেও প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে এইচ-১বি ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
প্রস্তাবটি কার্যকর হলে শুধু এইচ-১বি ভিসাধারীরাই নয়, আরো কয়েক ধরনের ভিসাধারীও এর আওতায় পড়বেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য ই-১ ভিসা, বাণিজ্যিক যানবাহন পরিচালকদের জন্য ই-২ ভিসা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহী বা ব্যবস্থাপকদের জন্য এল-১ ভিসা, বিজ্ঞান, ক্রীড়া বা শিল্পকলায় ‘অসাধারণ দক্ষতা’ থাকা ব্যক্তিদের জন্য ও-১ ভিসা এবং টিএন ভিসাধারী পেশাজীবীরা।
এ ছাড়া সিঙ্গাপুর ও চিলির দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি১ ভিসা এবং অস্ট্রেলিয়ার বিশেষায়িত কর্মীদের জন্য ই-৩ ভিসাধারীরাও প্রস্তাবিত পরিবর্তনের আওতায় পড়বেন। তবে নিয়মটি চূড়ান্ত করার আগে দুই মাস ধরে জনসাধারণের মতামত নেয়া হবে।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


