সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ফুলপুরের সড়ক যোগাযোগ

সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ফুলপুরের সড়ক যোগাযোগ
ছবি: আমার দেশ

সংস্কারের অভাবে চলতি বর্ষায় ভেঙে পড়েছে ময়মনসিংহের ফুলপুরের সড়কব্যবস্থা। খানাখন্দে ভরা সড়কে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এসব ভাঙা সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়ক চলতি বর্ষায় রূপ নিয়েছে মরণফাঁদে। ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষের জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা মোড় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দ ও বড় বড় খাদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়। সড়ক দিয়ে ধীরগতিতে পথচারী, রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক-ট্রলি সতর্কতার সঙ্গে চলাচল করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। সড়কটির ভগ্নদশার কারণে প্রায় ৪০ গ্রামের মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একই অবস্থা ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড় থেকে রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের। এছাড়া ভাইটকান্দি বাজার থেকে মিচকিপাড়া বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক বর্তমানে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ফুলপুর সদর ও ভাইটকান্দি বাজারের ওপর নির্ভরশীল প্রায় ২০ গ্রামের যোগাযোগব্যবস্থায় সৃষ্টি হয়েছে মারাত্মক অচলাবস্থা। অন্যদিকে ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় থেকে বওলা ইউনিয়নের বওলা বাজার পর্যন্ত ব্যস্ততম ১৫ কিলোমিটার সড়কের সিংহভাগই এখন খানাখন্দে ভরা। বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি। প্রতিদিন এ সড়কে হাজার হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করতে হয়। সড়কের নাজুক অবস্থার কারণে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

অনতিবিলম্বে এ গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে যাতায়াতব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

গুরুত্বপূর্ণ সড়কগুলোর ব্যাপারে কথা বললে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সড়কের দুরবস্থা তিনি প্রত্যক্ষ করেছেন। জনস্বার্থে সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রস্তাব পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন