ঠিকাদারের টাকায় চসিক কর্মকর্তাদের সুইডেন সফর বাতিল

ঠিকাদারের টাকায় চসিক কর্মকর্তাদের সুইডেন সফর বাতিল
ছবি: সংগৃহীত

ঠিকাদারের খরচে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাঁচ কর্মকর্তার সুইডেন সফর বাতিল করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পত্রিকায় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সফরটি বাতিলের উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (সিটি করপোরেশন-১) মোহাম্মদ রবিউল ইসলাম রোববার রাতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং এ সংক্রান্ত নথি চূড়ান্ত অনুমোদনের উদ্দেশ্যে মন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোলার চালানোর প্রশিক্ষণ নিতে সুইডেন যাচ্ছেন মন্ত্রীর পিএস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা৷ এসব প্রতিবেদন বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুইডেন সফরের অনুমতি পান ওই পাঁচ কর্মকর্তা।

গত ৬ জুলাই মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অনুযায়ী সুইডেন সফরের তালিকায় ছিলেন—স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, চসিকের সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইমরান হোছাইন খোকা।

চসিক সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার সরবরাহ করে, যা গত ১১ মার্চ চসিকের স্টকে জমা হয়। কিন্তু যন্ত্রপাতি বুঝিয়ে দেওয়ার চার মাস পর কর্মকর্তাদের সুইডেনে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্তে নানা প্রশ্ন ওঠে।

চুক্তির নিয়ম অনুযায়ী—রোলার সরবরাহের সাত দিনের মধ্যে চট্টগ্রামেই একজন উপ-সহকারী প্রকৌশলী এবং প্রতিটি রোলারের চালকদের একদিনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, যার মোট ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ভার ঠিকাদার বহন করবে। এ প্রেক্ষাপটে বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত বিতর্ক আরও উসকে দেয়।

আইন বিশেষজ্ঞরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রা পুরোপুরি নীতিবিবর্জিত এবং এটি স্পষ্ট স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি করে।

উল্লেখ্য, এর আগেও মশা নিধনের ওপর প্রশিক্ষণ নিতে ঠিকাদারের অর্থায়নে চসিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করা হলে পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বাতিল করা হয়েছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন