নতুন মজুরি নির্ধারণের পর কালিয়াকৈরে পোশাক কারখানায় ফিরলেন শ্রমিকেরা

নতুন মজুরি নির্ধারণের পর কালিয়াকৈরে পোশাক কারখানায় ফিরলেন শ্রমিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মাসব্যাপী আন্দোলনের পর অবশেষে নির্ধারিত হলো পোশাকশ্রমিকদের নতুন মজুরি। সেই অনুযায়ী সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের চতুর্থ সভা চলে রাত ২টা পর্যন্ত। সভায় মালিক ও শ্রমিক দুই পক্ষই কয়েক দফায় তাদের মজুরি প্রস্তাব সংশোধন করে জমা দেয়।

বিজ্ঞাপন

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ গ্রেডে (সর্বনিম্ন) ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং প্রথম গ্রেডে (সর্বোচ্চ) মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২ ও গ্রেড-৩-এর মজুরিও সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড। এই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হলেও শ্রমিকেরা তা ২০২৭ সালের জানুয়ারি থেকে হাতে পাবেন। অর্থাৎ, ডিসেম্বরের বেতন জানুয়ারিতে নতুন হারে পাওয়া যাবে।

বুধবার সকাল থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্প কারখানার গেটে শ্রমিকেরা ভিড় করছেন এবং কাজে যোগ দিচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। মিল-কারখানার গেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারিতে রয়েছে। মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও কোনাবাড়ীসহ পুরো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিল্পাঞ্চলে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

৩০ হাজার টাকার দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন শ্রমিকেরা, শেষ পর্যন্ত মজুরি বোর্ড নির্ধারণ করল ১৭ হাজার টাকা। ১ ডিসেম্বর থেকে কার্যকর হলেও হাতে পাবেন ২০২৭ সালের জানুয়ারিতে—এই ঘোষণার পর আজ বুধবার কালিয়াকৈরের কারখানাগুলোতে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। এখন সবার দৃষ্টি কারখানার গেটের দিকে।

নাম প্রকাশ না করার শর্তে এক পোশাকশ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ সময় অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তিনি। ১৭ হাজার টাকা নির্ধারণের পর আরেক শ্রমিক বলেন, ‘আমরা ৩০ হাজার চেয়েছিলাম। ১৭ হাজারে এই বাজারে সংসার চলবে কেমনে? তবু একটা সিদ্ধান্ত তো হলো। এখন দেখি কারখানায় কী হয়।’

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘গার্মেন্টস শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে আমরা মাত্র তিন সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছি। সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে আমরা সফল হয়েছি।’

এর আগে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছিল। বিভিন্ন কারণে কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর জেরে মঙ্গলবার সকাল থেকেই কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, চন্দ্রা ও কালিয়াকৈর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

মৌচাক ও তেলিচালা এলাকায় লগোস অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ, বিজিবি, আনসার ও এপিবিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এটিএক্স অ্যাপারেলস লিমিটেডসহ আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা গেটে অবস্থান করলেও তারা মহাসড়ক অবরোধ করেননি। অন্যদিকে চন্দ্রা, সফিপুর, সালনা, মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...