বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নে অংশীজনদের সভা

বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নে অংশীজনদের সভা

বেসরকারি এয়ারলাইনস খাতের টেকসই উন্নয়ন ও নীতিগত সংস্কারের লক্ষ্যে শনিবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, নীতিগত অসামঞ্জস্য এবং শুল্ক কাঠামোর জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় বেসরকারি অংশীজনরা দীর্ঘদিন ধরে সিভিল এভিয়েশন রুলস (সিএআর) ৮৪ এর রুল ১৯০ সংশোধনের দাবি করে আসছে বলেও জানান।

সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি ড্রাফট নীতিমালা প্রস্তুত করার প্রস্তাব দেন, যেখানে দ্বিমত থাকলে তা স্পষ্টভাবে জানানো হবে বলেও জানান তারা।

সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সিভিল এভিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে, যারা এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীন সভায় বলেন, আমাদের দায়িত্ব হলো আপনাদের সমস্যা জানা ও প্রয়োজনীয় ক্ষেত্রে নীতিমালা সংশোধন করা। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশন (আইকাও) এর নিয়ম আমরা অন্ধভাবে অনুকরণ করতে চাই না। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব আইন থাকা উচিত, তবে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও মানতে হবে। আমাদের উদ্দেশ্য হলো এমন একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সিভিল এভিয়েশন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নীতিমালা থাকবে, তবে তা যেন অকার্যকর না হয়।

তিনি আরও জানান, সকল চার্জ পুনর্নির্ধারণের কাজ চলমান রয়েছে এবং শীঘ্রই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন