ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পাল্টা হামলা জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বেবিচক সূত্র জানায়, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি বাতিল করে ২৩টি ফ্লাইট। পহেলা মার্চ বাতিল করে ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল করে ৪৬টি ফ্লাইট। ৩ মার্চ বাতিল করা হয় ৩৯টি ফ্লাইট। আজ বুধবার বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।
সর্বমোট বাতিল ফ্লাইট ১৪৭
বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে, কুয়েত ও জাজিরা এয়ারলাইন্সের দু্টি করে, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বাতিল হওয়া বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ তারা সেখানে যেতে পারবেন তা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটসমূহের মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইটসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রুটসমূহে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। উল্লিখিত ৬টি রুট ব্যতীত বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া এ রুটসমূহের যাত্রীগণ, যারা স্থগিত থাকাকালীন সময়ে যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।
যাত্রীগণ দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকেট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে উপরোক্ত সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
তাছাড়া, বিমানের ফ্লাইটসমূহ সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)– এ যোগাযোগ করতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

