১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামী সমর্থন না দিলে তখনই বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। একই সাথে তিনি প্রকাশ করেছেন, সে সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সরকার গঠনের উদ্দেশ্যে জামায়াতের সমর্থন পাওয়ার জন্য যোগাযোগ করেছিলেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে ড. দিলারা চৌধুরী বলেন, ‘৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা, যদি জামায়াত সাপোর্ট দিয়ে সরকার গঠন করতে সাহায্য না করত। বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ রাখা দরকার।’
তিনি ওই সময়ের স্মৃতিচারণ করে বলেন, ‘সেই সময়ে আমি সে ঘটনার সাক্ষী। শেখ হাসিনা নিজেই যোগাযোগ করেছিলেন। তখন জামায়াতের সমর্থন এনে দেওয়ার জন্য তার স্বামীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি জানান, তার স্বামী নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কথা তুললে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আশ্বস্ত করে বলেছিলেন, সে সমস্যা মিটিয়ে দেওয়া হবে, কেবল জামায়াতের সমর্থন নিশ্চিত করতে হবে।
ড. দিলারা চৌধুরী আরো বলেন, শেখ হাসিনা মূলত চেয়েছিলেন ১৯৯১ সালের জাতীয় সংসদ যেন একটি ‘ঝুলন্ত সংসদ’ (হাং পার্লামেন্ট) হয়।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতকে ঘিরে তৈরি হওয়া দূরত্বের সমালোচনা করে এই রাষ্ট্রবিজ্ঞানী প্রশ্ন তোলেন, ‘এখন হঠাৎ করে কী ঘটল যে তাদের সঙ্গে বসাই যাবে না? কার ইঙ্গিতে, কোথা থেকে এই বার্তা আসছে?’ দেশে কৃত্রিম বিভেদ ও অনৈক্য তৈরি করে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে কি না, সে বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


