চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ভ্যাট রিটার্ন দাখিলের মেয়াদ ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে রিটার্ন দাখিল করলে কোনো ধরনের জরিমানা বা সুদ গুনতে হবে না।
বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে ১৫ অক্টোবরের মধ্যে রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এ হিসাবে রিটার্ন দাখিলে আরও ১০ দিন সময় বাড়ল।
চলতি অর্থবছরে মূসক আইন সংশোধন করে মাসিক ভিত্তির পরিবর্তে তিন মাস পর রিটার্ন দাখিলের নিয়ম চালু করে সরকার। কিন্তু এ নিয়ম চালু করতে বেশ কিছু প্রশাসনিক জটিলতা এবং সরকারের ভ্যাট আদায়ে নেতিবাচক প্রভাব পড়ায় সেটিকে আবার সংশোধন করে আগের মতো মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি চালু করা হয়।
নতুন বিধানের সঙ্গে ই-ভ্যাট সিস্টেমের প্রয়োজনীয় সমন্বয় ও প্রশাসনিক সংস্কারের কাজ চলমান থাকায় এবার সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট করদাতাদের ২৫ অক্টোবরের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—তিন মাসের রিটার্ন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ ও জরিমানা আরোপ করা হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

