ডিএনএ মিললো খুনির পরিচয়, অভিযুক্ত গ্রেপ্তার

ডিএনএ মিললো খুনির পরিচয়, অভিযুক্ত গ্রেপ্তার

পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনিরা। পরিচয় জানা গেলেও বাকিরা ছিল অজ্ঞাত। সিআইডির ক্রাইমসিন ইউনিটের তৎপরতায় বের হয়ে এলো অজ্ঞাতনামা খুনির পরিচয়।

বিজ্ঞাপন

এরপর এলআইসি শাখা তথ্য বিশ্লেষণে শনাক্ত হলো অবস্থান, সিআইডির কাছে ধরা পড়লো অজ্ঞাতনামা খুনি। গ্রেপ্তারকৃত ব্যক্তির মো. সেলিম মাদবর রফিক, পিতার নাম মো. আলী মাদবর, মা রিজিয়া বেগম, গ্রাম-ঘটখালী (চাওড়া) থানা-আমতলী জেলা- বরগুনা।

গত ২৩ জুন সিআইডি এলআইসি শাখার একটি চৌকস টিম ডিএমপির ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত সেলিম মাদবর রফিককে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টোল উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার নান্দিকাঠি গ্রামের লাইফকেয়ার ডায়াগনস্টিক সেন্টার হতে অনুমান ২০০ গজ পূর্বে পাকা রাস্তার ওপর ইমরান হাওলাদারকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তার লাশ পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি ডোবার পানিতে ফেলে দেয় খুনিরা। তাদের হামলায় গুরুতর আহত হন ইমরানের স্ত্রী ফাহিমা বেগম।

ইমরানকে হত্যার ঘটনায় তার বাবা আব্দুর রসিদ হাওলাদার বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত জব্দ করে। জব্দকৃত আলামত পরীক্ষার জন্য ডিএনএ ল্যাব সিআইডি সদর দপ্তর ঢাকায় পাঠানো হলে ডিএনএ বিশেষজ্ঞগণ ঘটনাস্থলে প্রাপ্ত আলামত পরীক্ষা করে অজ্ঞাতনামা একজনের ডিএনএ’র অস্তিত্ব খুঁজে পায়।

ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের মাধ্যমে জানা যায় তার নাম মো. সেলিম মাদবরর রফিক। তাকে গ্রেপ্তার করতে সিআইডির এলআইসি শাখা বিভিন্নভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে এলআইসি শাখার একটি টিম ডিএমপির ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম মাদবরকে গ্রেপ্তার করে।

নথিপত্র পর্যালোনায় আরো জানা যায়, গ্রেপ্তারকুত সেলিমের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার দুটি ডাকাতির মামলা রয়েছে। অন্যদিকে এজাহারনামীয় ১ নং অভিযুক্ত আল আমিন হাওলাদার আদালতে আত্মসমর্পন করলে ডিএনএ বিশেষজ্ঞগণ অভিযুক্তের ডিএনএ প্রোফাইল প্রস্তুত করেন এবং পরীক্ষা করে ঘটনাস্থলের আলামতের সাথে অভিযুক্ত আল আমিন হাওলাদারের ডিএনএ ম্যাচিং পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন