কলেজ শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার থেকে

স্টাফ রিপোর্টার

কলেজ শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার থেকে

দেশের কলেজ পর্যায়ের শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৩ দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল)’ আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী মঙ্গলবার থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

মাউশির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জন্য মোট তিনটি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে ৩৫ জন করে মোট ১০৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ব্যাচের প্রশিক্ষণ আগামী ৯ থেকে ১১ জুন এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে আয়োজন করা হবে।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বি.পি.এড প্রশিক্ষণপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৮ জুন বিকেল ৫টার মধ্যে মাউশি নির্ধারিত গুগল লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

আবেদনকারীদের সরকারি বা বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক হতে হবে এবং বি.পি.এড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি নিয়োগ ও এমপিওভুক্ত চাকরিকাল ন্যূনতম দুই বছর হতে হবে। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে। তবে যেসব নারী প্রশিক্ষণার্থীর ছোট সন্তান রয়েছে, তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের সময় নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যবহারিক ক্লাসের জন্য এক জোড়া কেডস ও ট্রাউজার সঙ্গে আনতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের টিএ/ডিএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...