দুদকের দুই মামলা

সাবেক হুইপ স্বপনের ৬৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

সাবেক হুইপ স্বপনের ৬৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এ ছাড়া তার নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

তিনি আরো জানান, অপরাধলব্ধ এই অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

আকতারুল ইসলাম জানান, এ ছাড়া তার স্ত্রী মেহবুবা আলম স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে মেহবুবা আলম ও স্বামী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপর একটি মামলার অনুমোদন দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন