বিলের আলোচনায় কম সময় দেওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

সংসদ রিপোর্টার

বিলের আলোচনায় কম সময় দেওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিলের ওপর আলোচনায় সময় কম দেওয়ার জন্য সংসদে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিল উত্থাপনকারীদের আনলিমিটেড সময় দেওয়া হলেও তাদের দুই মিনিট করে সময় দেওয়া হচ্ছে। এতে তারা বিলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারছেন না। আলোচনা করতে না পারলে সংসদে কথা বলে কোনো লাভ নেই।

বিষয়টির ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সময় কিছুটা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলগুলো পাসের সময়ের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বিরোধী দলকে যথাসম্ভব পর্যাপ্ত সময় দিতে স্পিকারের প্রতি অনুরোধ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে মানবাধিকার কমিশন বিল পাসের সময় ফ্লোর নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা। বিলের ওপর আপত্তি উত্থাপনকারী এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এমনটা উল্লেখ করে তিনি বলেন, যেসব বিলের বিষয়ে আপত্তি দেওয়া হয়েছে, তা এখন আলোচনা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দুই মিনিট সময়, এই সময়ের মধ্যে কিছুই করা সম্ভব নয়। আপত্তি কেন দেওয়া হয়েছে, প্রেক্ষাপট কী— এসব দুই মিনিটে বলা যায় না। একদিকে দুই মিনিট, অন্যদিকে যারা উত্থাপন করছেন তাদের আনলিমিটেড সময় দেওয়া হচ্ছে। তাহলে বিতর্ক কোথায়? আমরা তো এখানে কোনো বিতর্কই দেখছি না। সেই বিতর্কের সুযোগ যদি না থাকে, তাহলে এখানে বসে আমাদের লাভ কী? আমরা যদি আমাদের কথা বলতে না পারি, তাহলে আমাদের এখানে থাকার মানে কী? আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। যারা সরকারি বেঞ্চ থেকে উত্থাপন করবেন, তাদেরকেও পর্যাপ্ত সময় দেওয়া হোক এতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যেন পর্যাপ্ত সময় দেওয়া হয়।

জবাবে স্পিকার বলেন, অতীতের নজিরগুলোই অনুসরণ করা হচ্ছে। সেখানে উত্থাপনের সময় আপত্তি জানানো হলে দুই মিনিট করে সময় দেওয়া হতো। তিনি বলেন, আমি ছয় মিনিট দিয়েছি। এর পরও যদি আপনারা দফাওয়ারি সময় চান, তাহলে দুই মিনিট করে দেওয়া যেত। তারপরও সময় কিছুটা বাড়ানো যেতে পারে। প্রস্তাবটি যুক্তিযুক্ত হলে যিনি প্রস্তাব উত্থাপন করবেন, তাকে কিছুটা বেশি সময় দেওয়া হবে।

স্পিকারের বক্তব্যের পর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশেষ কমিটির রিপোর্টে যেসব নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেই বিলগুলো আজ থেকে উপস্থাপন শুরু হয়েছে। আগামীকালের মধ্যেই এসব বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই তারা চাইলেও হয়তো বেশি সময় পাবেন না। যেসব বিলের বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিধিমোতাবেক একজনকে ফ্লোর দেওয়া হয়েছে এবং তিনগুণ সময় দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেওয়া হবে এতে আমাদের আপত্তি নেই। এরপর সেকেন্ড রিডিংয়ে চাইলে সংশোধনী আনা যেত, তখন আবার সংশোধনীর সময়ও আলোচনা করা যেত। তবে থার্ড রিডিংয়ে খুব বেশি সময় দেওয়ার সুযোগ নেই এবং এর নজিরও নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, আলোচনা করতে হলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী আজ যথেষ্ট সময় পাওয়া যাবে। তবে আগামীকাল তাড়াহুড়া থাকতে পারে। তারা তিনগুণ সময় চেয়েছেন দিতে আমাদের আপত্তি নেই।

পরে অবশ্য অন্য একটি বিলে বিরোধী দলকে দুই মিনিটের পরিবর্তে সময় বাড়িয়ে ১০ মিনিট দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...