ঢাকা-ভৈরববাজার কমিউটার ট্রেন নারায়ণগঞ্জ রুটে উন্নত কোচ

ঢাকা-ভৈরববাজার কমিউটার ট্রেন নারায়ণগঞ্জ রুটে উন্নত কোচ

স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে। এই ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একই দিন ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ উপদেষ্টা।

নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরববাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদী কমিউটার-৪ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ ট্রেনটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে ইস্যু করা হবে।

এতে আরো উল্লেখ করা হয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন