আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মাহদী আমিন বলেন, এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার ভাবছে। এর মাধ্যমে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী পাঠানো শুরু হবে।
তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


