সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুথিদের চালানো হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই বাংলাদেশি আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার তাদের পরিচয় প্রকাশ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবারের বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতির কথা পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে এ ধরনের হামলা বন্ধ এবং বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাদের একজন শাহেদ আহমেদের মরদেহ আজ শুক্রবার দেশে পৌঁছেছে। সৌদি আরবে ধারাবাহিক হামলায় বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার প্রেক্ষাপটে দাম্মামের ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন