আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশের দীর্ঘদিনের ‘নেগেটিভ’ আউটলুক ‘স্টেবল’ হওয়ায় বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেন, নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাও বাড়বে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধান উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। মুডিস ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখে আউটলুক ‘নেগেটিভ’ থেকে ‘স্টেবল’ করেছে। সংস্থাটি রাজনৈতিক ও বৈদেশিক খাতের চাপ কমে আসায় ঝুঁকি তুলনামূলক ভারসাম্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছে।
মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে প্রথম ধাপে ১৫০টি নতুন কূপ খনন এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান দুটি এফএসআরইউ বাড়িয়ে পাঁচটি করার পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের আগেই তৃতীয় এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়নের কথাও তুলে ধরা হয়।
সরকারের ছয় মাসের কার্যক্রমকে সাতটি ক্ষেত্রে ভাগ করে তুলে ধরে মাহাদী আমিন বলেন, তরুণদের উদ্যোক্তা করতে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল, জামানতবিহীন সুদমুক্ত ই-লোন, স্টার্টআপ তহবিল ও বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর পাশাপাশি কারিগরি শিক্ষা সম্প্রসারণ, প্রায় ৪৫ লাখ মানুষকে দক্ষতা প্রশিক্ষণ এবং স্থানীয়ভাবে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ রয়েছে।
জনকল্যাণে জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদন, অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল ২৫ কোটি টাকায় উন্নীতকরণ এবং ঢাকার কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি পুনর্বাসনে চীনা অর্থায়নে আধুনিক আবাসনের প্রস্তাব করা হয়েছে। নারীদের জন্য উপবৃত্তি ও স্কুলে পুষ্টিকর খাবার, প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা এবং কারাগারে বন্দিদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থার কথাও জানায় মাহাদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি ও কৃষিতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা, পাঁচ বছরে ডিজেলচালিত সেচপাম্প সৌরশক্তিতে রূপান্তর, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা এবং আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে। কৃষির জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহ এবং চাহিদার তুলনায় ১৫ লাখ ৬৮ হাজার টন উদ্বৃত্ত মজুতের কথাও জানানো হয়। ছয় মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাও উৎপাদনে ফিরেছে ।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে আট বিভাগীয় শহরসহ ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম, কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ এবং ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে। গত পাঁচ মাসে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, যোগাযোগ খাতে ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা, চার লেনের এক্সপ্রেসওয়ে, ক্যাশলেস স্বয়ংক্রিয় টোল, ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন এবং প্রতি ১০ কিলোমিটারে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুশাসনের ক্ষেত্রে ওয়ান সিটিজেন-ওয়ান আইডি, থানাগুলোকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর, ২২টি মাদকবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা এবং তৃতীয় সাবমেরিন কেবলে ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে এবং পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধের তথ্যও তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব শালেহ শিবলী বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের সেবার দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণ করেছেন। সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক—এ অনুভূতি তৈরি হচ্ছে। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সরকার দায়িত্ব নিয়েছে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর-নভেম্বরকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রত্যেক নাগরিককে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের ঘর ও আশপাশ পরিষ্কার করার আহ্বান জানান। শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোরও পরামর্শ দেন তিনি।
গণমাধ্যমকে গুজব ও অপতথ্য যাচাইয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে শালেহ শিবলী বলেন, সংবাদমাধ্যমগুলো প্রতিদিন ১০-১৫ মিনিট ফ্যাক্টচেকভিত্তিক অনুষ্ঠান বা প্রতিবেদন করতে পারে। এতে সত্য-মিথ্যা যাচাই করে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে আনা সম্ভব হবে।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। এই দায় ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে সরকারকে সময় ও সহযোগিতা করা উচিত। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


