সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কিনতে চায় ইসি

সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কিনতে চায় ইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী উপকরণ কেনা সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বৃহস্পতিবার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এজন্য একটি টেন্ডারে কিছুটা পরিবর্তন আনতে হবে, সে কার্যক্রমও চলমান রয়েছে। ভোটার তালিকা সংশোধন আইন ভেটিংয়ের জন্য প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ২৬জুন পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সংসদীয় ৩০০ আসনের বিপরীতে ৭৬টি আসন থেকে প্রায় সাতশ অভিযোগ জমা পড়েছে। কমিশন বসে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আর নতুন নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছে ১৪৪টি। এগুলোর যাচাই -বাছাইয়ের জন্য ২০জন কর্মকর্তার অধীনে দায়িত্ব ভাগ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, পাঁচ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা ইত্যাদি ছাপানোর কার্যক্রম শুরু করা প্রয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত থাকে। ফলে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণার পর প্রার্থীদের তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ ব্যালট পেপার অল্প সময়ে মুদ্রণ করে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পাঠাতে হবে।

অন্যান্য ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, ম্যানুয়েল ও নির্দেশিকা সম্ভাব্য সেপ্টেম্বর মাসের মধ্যেই মুদ্রণ করে সংরক্ষণ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছে ইসি। কারণ, ফেব্রুয়ারিতে ভোট হলে ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন