আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর সন্ত্রাসী হামলা ও পৈশাচিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ নৃশংস হামলার প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর বুধবার দেশব্যাপী সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আইনজীবী সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ঘোষিত কর্মসূচির বিষয়টি তুলে ধরেন।

বিবৃতিতে নেতারা বলেন, গত সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হয়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়।

তারা আরও বলেন, নির্যাতনের সময় বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা তার ওপর নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে দীর্ঘ নির্যাতনের পর গুরুতর আহত ও বিপর্যস্ত অবস্থায় তিনি কোনোভাবে হামলাকারীদের কবল থেকে মুক্তি পান। পরে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তার ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বিবৃতিতে আইনজীবী নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আইনজীবী নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

তারা আরও বলেন, আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। স্বৈরাচারী আচরণ অব্যাহত থাকলে জনগণের প্রতিরোধের মুখে সরকারকেও একদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে।

বিবৃতিতে আইনজীবী নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বর ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের জনশক্তি এবং দেশের সব বারের সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...