আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬১৮টি।
বুধবার নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেন।
ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার ৪২ হাজার ৬১৮টি হয়েছে। আজ যে তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

