বহুল আলোচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পলাতক যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান এবং গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের বরখাস্ত করা হয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। এর আগে ২২ সেপ্টেম্বর দুই কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের জন্য ব্যাপকভাবে সমালোচিত হন মেহেদী। পরে তাকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়।
বিতর্কিত এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে সাময়িক বরখাস্ত এবং সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মেহেদী হাসান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত। পরে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে কর্মস্থলে যোগদানের নোটিস পাঠানো হলেও কোনো সাড়া দেননি তিনি। এমনকি কর্মস্থলেও হাজির হননি।
এ ঘটনায় তার বিরুদ্ধে গত বছরের ১৯ জুন বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হলেও তিনি জবাব দেননি। এমনকি জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাননি।
পরে এ ঘটনার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। গত ২৯ এপ্রিল দাখিল করা তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ প্রমাণিত হয়। এরপর ৪ জুন দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিস দেওয়া হলেও কোনো জবাব দেননি মেহেদী।
তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে গত ২৪ আগস্ট কমিশন বরখাস্তের পক্ষে মত দেয়। পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বরখাস্ত করা হয়।
পলায়নের অভিযোগে বরখাস্ত রহমত উল্লাহ বরখাস্ত
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এ কর্মরত থাকাকালে অসুস্থতার কারণে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) যান রহমত উল্লাহ চৌধুরী। চিকিৎসক তাকে ১০ ফেব্রুয়ারি থেকে দুই মাস বিশ্রামের পরামর্শ দেন।
বিশ্রাম শেষে ওই বছরের ১১ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যোগ দেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার অফিস অর্ডারলি, দেহরক্ষী ও গাড়িচালকও তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
পরে রহমতের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ ঘটনায় গত বছরের ৩০ জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিসের জবাব না দেওয়ায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ১২ মার্চ দাখিল করা তদন্ত প্রতিবেদনে রহমত উল্লাহর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিস দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
এরপর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৪ আগস্ট পিএসসিও বরখাস্তের পক্ষে পরামর্শ দেয়। পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বরখাস্ত করা হয়।
দুই কর্মকর্তার বিরুদ্ধেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মেহেদীর বিরুদ্ধে পলায়ন এবং রহমত উল্লাহর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


