দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ চিত্র তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৪ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়, যা মাসভিত্তিক হিসাবে এ বছরের সর্বোচ্চ। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৪৩ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ২৩০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সর্বোচ্চ ৪ জন রয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি এলাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ ও ঢাকা বিভাগে ১ জনের প্রাণ গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩০ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


