আইন উপদেষ্টাকে স্মারকলিপি: নির্বাহী আদেশে আ.লীগ নিষিদ্ধের দাবি

আইন উপদেষ্টাকে স্মারকলিপি: নির্বাহী আদেশে আ.লীগ নিষিদ্ধের দাবি

গণহত্যায় জড়িত থাকার অভিযোগে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে তারা আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেন।

সোমবার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার আগে শিক্ষার্থীরা একই দাবিতে সচিবালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির নিবন্ধন বাতিল করা, বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, গুম থাকা ব্যক্তিদের সন্ধান দান, গত ১৫ বছরের সব রাজনৈতিক সব মামলা প্রত্যাহার, জুলাই আন্দোলনে ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণসহ নয়টি দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পর সচিবালয়ে থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাংবাদিকদের বলেন, আমরা নির্বাহী আদেশে অতি অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেছি। এ দাবি দেশের সব মানুষের। গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। হাজারো মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান ও রাফিদ এম ভুইয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন