ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ে ঢাকা ব্যাংকে অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনলাইনে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এর আগে, গত বছর ১৮ নভেম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের জনভোগান্তি কমাতে ঢাকা ব্যাংক পিএলসির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে ঢাকা ব্যাংকের মাধ্যমে অনলাইনে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স আদায় উদ্বোধন করা হয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ডিজিটাল মাধ্যমে নাগরিকরা যেন দ্রুত সময়ে ভোগান্তি ও দুর্ভোগ ছাড়া কর প্রদান করতে পারে সে লক্ষ্যে ঢাকা ব্যাংক কাজ করবে। ঢাকা ব্যাংককে নাগরিক ভোগান্তি হ্রাস করে যথাযথভাবে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারে তা নিশ্চিত করে নাগরিকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির ঢাকা ব্যাংক গ্রাহক সেবার মান বৃদ্ধি ও নাগরিক বান্ধব সেবা দেয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিএসসিসির অন্যান্য বিভাগীয় প্রধানগণ ও ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির, জিএসএর প্রধান আল তামাস নির্ঝর, লায়াবিলিটি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মোসলে সাদ মাহমুদ প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

