ইসির বার্তায় সাড়া না দিলে প্রবাসীদের ভোটার আবেদন বাতিল

ইসির বার্তায় সাড়া না দিলে প্রবাসীদের ভোটার আবেদন বাতিল

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ভোটার হওয়ার জন্য আবেদন করবেন পদ্ধতি অনুসরণ বা সাড়া না দিলে ওই ব্যক্তির আবেদনটি বাতিল হবে। নির্বাচন কমিশন (ইসি) এসব ব্যাপারে প্রবাসীদের সতর্ক থাকা এবং ইসির পক্ষ থেকে কোনো বার্তা গেলে তা তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য নির্দেশনা জারি করেছে। এর জন্য কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির খুদে বার্তা বা ফিরতি কলের জন্য অপেক্ষা করবেন এক সপ্তাহ বা সাতদিন।

মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) উপ-পরিচালক মোহাম্মদ আল-মামুন এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় পাওয়া তথ্যমতে, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করবে। এরপর ফোনে যোগাযোগ সম্ভব না হলে এসএমএস পাঠাবে। এসএমএস পাঠানোর পরও আবেদনকারী সাত দিনের মধ্যে সাড়া না দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা স্বউদ্যোগে সিএমএস অ্যাকাউন্ট থেকে আবেদন বাতিলের বার্তা পাঠাবেন। এর মাধ্যমে স্বয়ংক্রীয় পন্থায় আবেদনটি বাতিল হবে।

বর্তমানে ১৯৪টি দেশের মধ্যে ১৪টি দেশের ২৪টি মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলো হচ্ছে, - বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া এনআইডি কার্যক্রম শুরুর অপেক্ষায় থাকা দেশগুলোর মধ্যে সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ড-ও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন