গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি। তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরুপ অগ্রগতি ছিল না। ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে।
বুধবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে। স্থানীয় থানার পাঁচটি টহল টিম দায়িত্ব পালন করছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল, থানা ভবন এলাকা ঘুরে দেখেন। রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান এই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজউক শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক, চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ ও প্লট বরাদ্দ প্রাপ্তগণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

