‘শব্দে জাগরণ, কণ্ঠে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে দেশের আবৃত্তিশিল্পী, আবৃত্তি সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং কবি এনামুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের নির্বাহী কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং কবি এনামুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্যবিদায়ী আহ্বায়ক আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ।
যৌথ ঘোষণায় নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আবৃত্তি একটি শক্তিশালী শিল্পমাধ্যম। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবিতা ও আবৃত্তি মানুষের চেতনা, সাহস ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। এসব বিচ্ছিন্ন প্রচেষ্টাকে জাতীয় পর্যায়ে সমন্বিত করে আবৃত্তি শিল্পের উন্নয়ন, ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্যপ্রেম এবং সাংস্কৃতিক নেতৃত্ব বিকাশে কাজ করবে এই পরিষদ।
সংগঠনটি শিশু, কিশোর ও তরুণদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মশালা, উৎসব এবং নেতৃত্ব বিকাশমূলক নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় শিশু আবৃত্তি একাডেমি, শিশু আবৃত্তি অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি নেটওয়ার্ক, জাতীয় আবৃত্তি চ্যাম্পিয়নশিপ এবং ডিজিটাল আবৃত্তি উৎসব আয়োজন।
এ ছাড়া প্রবীণ আবৃত্তিশিল্পীদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন, আজীবন সম্মাননা, ফেলোশিপ, ডিজিটাল আর্কাইভ এবং মেন্টরশিপ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ দেশের সকল আবৃত্তিশিল্পী, সংগঠন, কবি, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতিপ্রেমী নাগরিকদের এই জাতীয় উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন