এনইসির উদ্যোগে পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক কর্মশালা শুরু

ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী না হয়: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী না হয়: মাহমুদুর রহমান
ছবি: আমার দেশ

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান বলেছেন, রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র, আর সেই জগতের প্রধান শক্তি সাংবাদিকরা। এই চতুর্থ স্তম্ভের সম্মান বজায় রাখতে হলে সাংবাদিকদের সঠিক পথে চলতে হবে। ন্যারেটিভ তৈরি করতে গিয়ে কোনো পত্রিকা যেন দলীয় মুখপাত্রে পরিণত না হয়, কিংবা রাষ্ট্রবিরোধী বা গণবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বুধবার সকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিল(এনইসি)-এর উদ্যোগে এবং বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, ১৬ বছরের ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রজগত যে অধপতনে গিয়েছে সেই অবস্থান থেকে একে টেনে তুলতে হবে। সংবাদমাধ্যকে একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য মাধ্যমে পরিণত করার প্রধান দায়িত্ব সাংবাদিকদের। তাই সাংবাদিকদের কাজের প্রতি মনোযোগী, সৎ এবং দক্ষ হতে হবে। এ প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

পিআইবির ডিজি ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের এখন সাংবাদিকতার পাশাপাশি ফ্যাক্টচেকেও জানতে হবে। তাই এ বিষয়ে তাদের দক্ষতাপ্রয়োজন। পিআইবির বাংলা ফ্যাক্ট চেক এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা করে আসছে। গত ২ বছরে পিআইবি ৭/৮ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে বলেও তিনি জানান।

amardesh_mahmudur rahman_jayed chowdory

আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, বর্তমানে সাংবাদিকরা প্রতিমুহূর্তে ভুয়া সংবাদ ও ফটোকার্ডের সম্মুখীন হচ্ছেন। যে কোনো নিউজ প্রচার বা প্রকাশের ক্ষেত্রে সবার আগে সংবাদের সততা যাচাই করা জরুরি। তাই এআই ও ফ্যাক্টচেক এই বিষয়ের ওপর প্রশিক্ষণ এখন সময়ের দাবি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক এমডি এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এইআইয়ের ব্যবহার বিষয়ক যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে তা সাংবাদিকদের মান উন্নয়নে বড় ধরণের ভূমিকা রাখবে। আর এই ব্যতিক্রমী আয়োজনটি করেছে সদ্য সংগঠিত ন্যাশনাল এডিটরস কাউন্সিল।

দুইদিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে এআই টুলস পরিচিতি, গুগল ট্রেন্ডস, নোটবুক এলএমসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের আরিফুল ইসলাম আরমান। এবারের আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সংবাদপত্র ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত ২৯ জন সিনিয়র সাব এডিটর ও স্টাফ রিপোর্টার অংশ নিয়েছেন। কর্মশালার দ্বিতীয় দিনে ফ্যাক্ট চেকিং এর মূলনীতি ও প্রয়োজনীয়তা, ছবি, ভিডিও যাচাই, তথ্য সুরক্ষা ও সাইবার সিকিউরিটি এবং সাংবাদিকতা নৈতিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এনইসির আয়োজনে এই বিষয়ে সাংবাদিকদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...