পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণের বিষয়ে তিনি নিজেও খোঁজ নিয়েছেন। সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রকৌশলী এবং সেতু প্রকল্পের সঙ্গে জড়িত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের মতামত অনুযায়ী, ওই মাটি অপসারণে সেতুর কোনো ঝুঁকি নেই। বরং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য এবং পানি চলাচলের সুবিধার জন্য তা অপসারণ করা প্রয়োজন।
বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণপরিবহনে প্রতিটি রুটের বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঢাকায় নানা ধরনের যানবাহন চলাচল করে। একটি নগরীতে এভাবে চলতে পারে না। ধরেন—রেল আছে, মেট্রোরেল আছে, মনোরেল আছে, বাস আছে; এটাই হলো বেসিক। আর ব্যক্তিগত গাড়ি আছে। আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি যে, একই রুটে ব্যক্তিমালিকানাধীন দুই-চার-দশজন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না। যেটা প্রতিযোগিতা সৃষ্টি করে—কেউ টার্মিনালে থামে না, টার্মিনালও নির্দিষ্ট নয়, যাত্রী যেখানে হাত তোলে সেখানেই থামিয়ে দেয়। এই পদ্ধতিতে আমরা বাস আর চালাবো না।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

