সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার
কাজী হাবিবুল আউয়াল

আগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

এ দফায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকায় জুলাই আন্দোলন চলাকালে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায়।

রোববার বাদী-বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।

এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর সাবেক এই সিইসির জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।

কিন্তু এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। সে সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর ওই বছরের ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন