কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জের ধরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


