ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে অংশ নিয়েছে ৫১টি দল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল নির্বাচনে রয়েছে। এবারই প্রথম ‘জাতীয় নাগরিক পার্টি’ শাপলা কলি প্রতীক নিয়ে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার।
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার
নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার
হিজড়া ভোটার: ১,১২০ জন
ভোট কখন শুরু, কখন শেষ
আগে সাধারণত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হতো। কিন্তু এবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
অর্থাৎ ভোট দেওয়ার জন্য এক ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে।
ভোট কেন্দ্র কোথায়, যেভাবে জানবেন
অনেকেই এবার বাসায় কোনো ভোটার স্লিপ পাননি। তবে চিন্তার কিছু নেই। নির্বাচন কমিশন ভোটারদের জন্য একাধিক উপায় চালু করেছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে
ইসির ওয়েবসাইটে গিয়ে ‘ভোট কেন্দ্র’ অপশনে ক্লিক করতে হবে।
সেখানে দুটি তথ্য দিতে হবে - জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ও জন্ম তারিখ।
এই তথ্য দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, লিঙ্গ, ভোট কেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা। এমনকি ম্যাপে চিহ্নিত অবস্থানও দেখা যাবে।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ২০২৬ অ্যাপ
নির্বাচন কমিশন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ‘Smart Election Management BD 2026’।
এই অ্যাপে ১০ বা ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিলেই পাওয়া যাবে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর। মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত ও সহজ পদ্ধতি।
হটলাইন নম্বর ১০৫
যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তারা সরাসরি ফোন করতে পারেন হটলাইন নম্বর ১০৫-তে। এরপর অপারেটরের সাথে কথা বলতে ৯ চাপুন।
তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ জানালেই তারা ভোট কেন্দ্র ও ভোটার নম্বর বলে দেবে আপনাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

