আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় প্রধান ও শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

স্টাফ রিপোর্টার

দলীয় প্রধান ও শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় গোটা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সে সময় ভোটারদের আগ্রহে ভাটা পড়ে। তবে এবারের নির্বাচন সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে। তারা কে কোথায় ভোট দেবেন তা নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মাঝে।

রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে। সেখানে ভোট দেওয়া শেষে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। আর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে সকাল ৮টায় ভোট দেবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার বেরাইদে একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১১ আসনে জামায়াত জোটের প্রার্থী। দলটির সদস্যসচিব আখতার হোসেন তার নির্বাচনি এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়ার ভয়েরহাট কেন্দ্রে ভোট দেবেন। জানা গেছে, মাকে নিয়ে ভোট দিতে যাবেন তিনি।

ঢাকার মোহাম্মদপুরে সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজে সকাল ৮টায় ভোট দেবেন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ঢাকা-১৩ আসনের প্রার্থী।

এদিকে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসেরহাট কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল মহানগরীর রূপাতলী লালার দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তিনি বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী। দলটির মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ রূপসার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তিনি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী। মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

বিএনপির শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

বিএনপির স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ থানার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

যেসব কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়, দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে; মাওলানা আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁওয়ের গোড়ানে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদরাসা কেন্দ্রে ভোটদান করবেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়াপাড়া প্রাইমারি স্কুল সেন্টারে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন