আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে: টিআইবি

আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে: টিআইবি
ছবি: আমার দেশ

দেশের আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, জনসংখ্যা বাড়ার কারণে আবাসনের চাহিদা বাড়ছে। এতে দিনে দিনে রিয়েল এস্টেট মালিকদের দৌরাত্ম্য বাড়ছে এবং তারা তাদের মালিকানাধীন গণমাধ্যমগুলোকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট রিহাব, রাজউকসহ অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যাতে কোনো অভিযোগ এলে সেগুলোর দ্রুত নিষ্পত্তি করা যায়।’

তিনি আরো বলেন, ‘রাজউকে সুশাসন ও জবাবদিহির অভাব রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে এ খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’

টিআইবির পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তা হলো—বেসরকারি আবাসন খাতে সুশাসন নিশ্চিত করতে একটি সমন্বিত আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে বিদ্যমান আইন ও বিধিমালার সংস্কারের মাধ্যমে ক্রেতা, ভূমির মালিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণকে অধিক গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রকল্প অনুমোদন, ভূমি উন্নয়ন ও আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির জন্য রাজউককে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো, তথ্যপ্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা, জিআইএসভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

আবাসন খাতে জবাবদিহি ও ভোক্তা সুরক্ষা জোরদারের জন্য প্রকল্পসংক্রান্ত তথ্যের নিয়মিত প্রকাশ, বাধ্যতামূলক আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং স্বাধীন বিরোধ নিষ্পত্তি কাঠামো গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অবৈধ প্রকল্প, জলাশয় ও ভূমি দখল, অনুমোদনবিহীন বিজ্ঞাপন, নিয়মবহির্ভূত অর্থ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সব আর্থিক লেনদেন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...