বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, পড়াশোনা শেষে চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী তাঁদের অর্জিত শিক্ষার যথাযথ প্রয়োগ করতে পারছেন না। এ অবস্থার পরিবর্তনে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ আরও সুদৃঢ় করতে হবে।

উচ্চশিক্ষা খাতের রূপান্তরে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদেরই মূল ভূমিকা পালন করতে হবে; তাই তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তাঁদের সংখ্যা বাড়ানো হবে। এই প্রশিক্ষকদের মাধ্যমেই পরবর্তীতে জাতীয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

দেশে প্রশিক্ষণ সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেশেই আয়োজন করা সম্ভব। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষক তৈরি এবং বিদ্যমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের শিক্ষকদের দেশেই কার্যকর প্রশিক্ষণ দেওয়ার টেকসই সক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় ইউজিসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার এই উদ্যোগে নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশ নেন। নির্বাচিত এই ন্যাশনাল ট্রেইনারগণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট ন্যাশনাল ট্রেইনার, প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যাপকবৃন্দ এবং ইউজিসি, হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন