আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবি উপাচার্যের ইমামতিতে ঈদের জামায়াত

প্রতিনিধি, জবি

জবি উপাচার্যের ইমামতিতে ঈদের জামায়াত
ছবি: আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে নবনিযুক্ত জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের ইমামতিতে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে উপাচার্য নিজেই খুতবা প্রদান করেন। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

বিজ্ঞাপন

দোয়ায় তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

নামাজ শেষে উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। তারা উপাচার্যের সঙ্গে এবং পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, নামাজে যেমন মুসল্লিরা ইমামকে অনুসরণ করেন এবং কোনো ত্রুটি হলে সংশোধন করেন, তেমনি বিশ্ববিদ্যালয় পরিচালনায়ও সবার কাছ থেকে গঠনমূলক ও সংশোধনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন।

উপাচার্য আরও আশা প্রকাশ করেন, আগামীতে আরও বড় পরিসরে ঈদের আয়োজন করা হবে এবং রমজান মাসে অর্জিত আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সারা বছর প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...