প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছেই না। ঈদের আগেই ফল প্রকাশের কথা শোনা গেলেও আরো সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা আমার দেশকে বলেন, ফল প্রকাশে আরো অন্তত সপ্তাহখানেক সময় লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব।

তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যাও অনেক বেশি হওয়ায় স্থানীয় পর্যায়ের তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। এছাড়া আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করছে বলেও জানান তিনি


এবার সারা দেশে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এর মধ্যে ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে।


এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ কোটা রাখা হয়েছে। এই কোটায় ৬৬ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। অন্যদিকে বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে, যেখানে ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে।

বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তি দুই ধরনের—ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে।

যেভাবে জানা যাবে ফলাফল

ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার জন্য ipemis.dpe.gov.bd/scholarship-results অথবা dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার সাল নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। একই সঙ্গে জেলা ও উপজেলা ভিত্তিক পিডিএফ মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

ইন্টারনেট সংযোগ না থাকলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DPE <স্পেস> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফল জানা যাবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...