প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের এ সুযোগ করে দেওয়া হয়।
অধিবেশন দেখার পাশাপাশি সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, একাডেমিক কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস, স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এবং দলের সদস্য নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ। এ সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত রোববার এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং নতুন নতুন উদ্ভাবনী কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদের জন্য ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার ব্যবস্থা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

