আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেলকে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে

স্টাফ রিপোর্টার

রেলকে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে

বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায়না সরকার। একে ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার রাজাধানীর আব্দুল গণি রোডে অবস্থিত রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি রেলকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। টিকিট কালোবাজারী প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে তিনি মতবিনিময় সভায় জানান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কিভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করতে বলেন এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন বলে জানান।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ ও রাজীব আহসান মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...