বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

অন্যদিকে উন্নত সুবিধার বিশেষ প্যাকেজের (প্যাকেজ-১) খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজের (প্যাকেজ-২) মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার হজ প্যাকেজ ঘোষণা করেন। এসময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর সর্বমোট মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ) এর সর্বমোট মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ও হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) এর সর্বমোট মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।

প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পরে সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন হাব সভাপতি।

চলতি বছর বেসরকারিভাবে হজ পালনেও ৩টি প্যাকেজ ছিল। বিশেষ হজ প্যাকেজে খরচ হয় ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা।

গোলাম সারওয়ার বলেন, সউদী পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তী সময়ে রাজকীয় সউদ সরকারের কোন খাতে খরচ বাড়লে বা কমলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। অতিরিক্ত অর্থ হজযাত্রীকে পরিশোধ করতে হবে। এ বছর কুরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় বেসরকারি মাধ্যমের প্যাকেজে কুরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল প্যাকেজে খাবারও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনার "হজ প্যাকেজ-১ (বিশেষ)" সুবিধাদি হলো

মক্কায় হারাম শরীফের বহি:চত্ত্বর হতে হোটেলের দূরত্ব ৬০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় ৩০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত।মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটিগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ। মক্কার হোটেল বা বাড়ী হতে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।

হজ প্যাকেজ-০২ (সাধারণ)" বৈশিষ্ট্য ও সুবিধাদি হলো মক্কায় হারাম শরীফের বহিঃচত্ত্বর হতে হোটেলের দূরত্ব ০১ কি.মি. হতে ০১.২ কি.মি মধ্যে। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন।খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ। মক্কার হোটেল বা বাড়ী হতে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত ইত্যাদি।

বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ-০৩ (সাশ্রয়ী) বৈশিষ্ট্য ও সুবিধাদির মধ্যে রয়েছে, হারাম শরীফের বহিঃচত্ত্বর হতে হোটেলের দূরত্ব সর্বোচ্চ ০৩ কিলোমিটারের মধ্যে। হারাম শরীফে পাচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্যে যাতায়াতের জন্য এসি বাসের (সালাওয়াত) ব্যবস্থা। মদিনায় মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকার বাহিরে ১০০০ মিটারের মধ্যে আবাসন।খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভূক্ত। মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'প্যাকেজ-০৩' ক্যাটিগরি সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।

সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার মধ্যসত্বভোগির পরিবর্তে সরাসরি হজ এজেন্সিতে হজ ও ওমরাহ বুকিং নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩০ জুলাই থেকে আগারগাঁওস্থ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ) ১৪৪৮ হিজরী সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন (সম্ভাব্য) হজযাত্রী হজ পালন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন