পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার বিকেলে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হলেও তাতে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর প্রভাবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এর মধ্যে উপকূলীয় এলাকায় তুলনামূলক কিছুটা বেশি বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর আগামী রোববার থেকে পুনরায় বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
বুধবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর প্রভাবে বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরদিন একই ধরনের অবস্থা থাকতে পারে।
এদিকে বুধবার রাজধানী ঢাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হলেও সারাদেশে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই। সারাদেশের মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
অন্যদিকে বুধবার সারাদেশের মধ্যে লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং রাজধানীতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


