বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চারজন সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই শপথ বাক্য পাঠ করান।
নবনিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম এবং মিজ ইয়াসমিন গফুর।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নতুন চার সদস্য নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছেন ২০ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


