১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

বাংলাদেশ থেকে আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ লক্ষ্যে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তির মোট মেয়াদ হবে ১০ বছর।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রায় এক বছরের প্রচেষ্টার ফলে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।

চুক্তির সুবিধাগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো জোরদার করা হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বাড়বে। এতে কর্মীদের উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী আরো বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিশেষ করে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী বিদেশি কর্মীদের চাকরিচ্যুত করা বা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে তাঁদের জোর করে দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পথও প্রশস্ত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন