কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জুবাইদা রহমান বলেন, ‘যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশুরা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। কারণ, আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।’
শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং কন্যাশিশুদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ তৈরির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন কুঁড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, ‘প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী ভাবনায় ভরপুর। তাদের সুষ্ঠু শিক্ষা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নিশ্চয়তা, সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলা ও বিচরণের সুযোগ এবং যেকোনো ব্যাধির চিকিৎসা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ৬৪ জেলা, উপজেলা, ৫৯৯ ইউনিয়ন ও ৯ হাজার ৯৯০ গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক শিশু যেন অভিভাবক ও পরিবারের কাছে সুরক্ষিত থাকে।’
শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগত সাফল্য ও খেলাধুলার মানসিকতা তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে। তিনি বলেন, ‘তোমরাই নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।’
নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উন্নয়নে বাফওয়ার প্রশিক্ষণ ও হস্তশিল্প উদ্যোগ প্রশংসনীয় ও অভিনব। গোল্ডেন ঈগল স্কুলের ছাত্রীদেরও তিনি ধন্যবাদ ও শুভকামনা জানান।
এর আগে তিনি ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের গান, নৃত্য ও ফ্যাশন শোসহ নানা পরিবেশনা উপভোগ করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে বাফওয়া ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান স্বাগত বক্তব্য দেন। বক্তব্য রাখেন ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)। পরে বাফওয়া ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে জুবাইদা রহমানকে শুভেচ্ছা স্মারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি উপহার দেওয়া হয়। বাফওয়া কর্মসূচি ও ব্লু স্কাই স্কুলের কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


