পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সোমবার শেষ কর্মদিবস। সকাল থেকেই সচিবালয়ে দেখা গেছে অনেক কর্মচারীরা তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে অফিসে এসেছেন। যাদের গন্তব্য স্থল অনেক দূরে, তারা অফিসের কাজ সকাল-সকাল গুছিয়ে কিছু কিছু কর্মচারী গ্রামের পথে ছুটছেন।
সচিবালয়ে কথা হয় তিনজন কর্মচারীর সঙ্গে, এদের মধ্যে দুইজনের গন্তব্যস্থল রংপুর ও একজন যাবেন রাঙ্গামাটি। তারা আমার দেশকে বলেন, আমাদের অনেক পথ যেতে হবে এজন্য সকালে এসে দ্রুত কাজ ঠিকঠাক করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এছাড়া বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি হচ্ছে।
ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে সব সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি। এর পর দিন ১৮ মার্চ ছুটি হওয়ার ফলে এবার ঈদ উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি পাওয়া যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টনের (কার্যপ্রণালি বিধিমালা, ১৯৯৬) তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

