সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’
স্পিকার বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।
এসময় তিনি আরো বলেন, ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবো।
এর আগে শুক্রবার সকালে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

