শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ, নিখোঁজ শিশুদের উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার এবং একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা রাষ্ট্রপতিকে জানান।
সাক্ষাৎকালে সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে দেশব্যাপী মুন অ্যালার্ট কার্যকর করা, দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে রাষ্ট্রপতির সহযোগিতা চান তারা।
নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান রাষ্ট্রপতি। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ শৈশব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




