দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে কার্যক্রমের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে। পাশাপাশি সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্টকে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, দেশের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। এর ফলে একদিকে পরিবারগুলোর নিজস্ব জ্বালানির চাহিদা পূরণ হবে, অন্যদিকে উৎপাদিত গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হবে। এতে গ্রামীণ পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
প্রতিমন্ত্রী আরো জানান, বায়োগ্যাস পল্লী গড়ে তোলার উদ্যোগ সফল করতে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া আরো সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে, যাতে তরুণ উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
সভায় আরো অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরো সক্রিয় করা এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





