বন্দর অবকাঠামো উন্নয়নে কাতারের বিনিয়োগ চাইলেন নৌপরিবহনমন্ত্রী

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতারের বিনিয়োগ চাইলেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল নির্মাণ, লজিস্টিকস এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের জন্য কাতার সরকারকে আহ্বান জানিয়েছেন নৌ-সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বন্দর উন্নয়ন, সামুদ্রিক বাণিজ্য, লজিস্টিকস, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বন্দর উন্নয়ন ও লজিস্টিকস খাতে কাতারের বিনিয়োগ উভয় দেশের জন্যই নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

শেখ রবিউল আলম কাতারকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করেন। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদী।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর ও নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করেন এবং এ খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বন্দর, নৌপরিবহন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন