রাজনৈতিক দলগুলোর সক্রিয় তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জনতা পার্টির (জেপিবি) মহান মে দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
আবুল কাশেম ফজলুল হক বলেন, শ্রমিকের বিষয়ে রাজনৈতিক দলগুলো খোঁজ-খবর রাখতে হবে। ট্রেড ইউনিয়নগুলো সরকার এবং মালিক দ্বারা প্রভাবিত। তিনি দুঃখ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে নাই। হারিয়ে ফেলেছে রাজনীতি। সে কারণেই শ্রমিকদের স্বার্থের কথা কেউ ভাবছে না।
আলোচনা সভার শুরুতে জেপিবির মহাসচিব শওকত মাহমুদ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, শ্রমিকের অধিকার আদায়ে (বিশেষ করে পরিবহণ শ্রমিকদের) আমি আগেও যেমন আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে সোচ্চার ছিলাম। তেমনি আজ রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে আমি দেশের সকল শ্রেণি-পেশার শ্রমিকের অধিকার আদায়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।
সভায় পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শ্রমবিষয়ক বিশেষজ্ঞ কাজী আবদুল হান্নান, দলের উপদেষ্টা ফরহাত হোসেন মাহবুব, উপদেষ্টা মেজর (অব.) মুজিব, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, নির্মল চক্রবর্তী, সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান ও সৈয়দ আজিজুল নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাজা জাকির হোসেন, যুগ্ম মহাসচিব নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেপিবির সমন্বয়ক নুরুল কাদের সোহেল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

